দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের জাহাজ চলাচলের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ট্যাংকারে নতুন হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক মানদণ্ডের ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৮৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও প্রায় একই হারে বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯৭ ডলারে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আবারও তীব্র হওয়ায় চলতি মাসে ব্রেন্টের দাম প্রায় ২০ ডলার বেড়েছে।
হুথিরা লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালিতে অবরোধের হুমকি দেওয়ার আগেই তেলের দাম বাড়তে শুরু করেছিল। এই প্রণালি দিয়ে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর থেকে উল্লেখযোগ্য পরিমাণ তেল রপ্তানি হয়, যা বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ।
জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান রিস্টাড এনার্জির তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির বিকল্প হিসেবে সৌদি আরব ইয়ানবু বন্দর থেকে দৈনিক ৪০ লাখ ব্যারেল তেল রপ্তানি বাড়িয়েছে।
প্রতিষ্ঠানটির জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এই তেলের মধ্যে প্রতিদিন প্রায় ২৫ লাখ ব্যারেল বাব আল-মান্দাব প্রণালি দিয়ে দক্ষিণমুখে যাচ্ছে। রিস্টাড এনার্জির জ্যেষ্ঠ সহসভাপতি হোর্হে লেওন বলেন, এর ফলে বিকল্প এই গুরুত্বপূর্ণ রপ্তানি পথ হুথিদের সম্ভাব্য পদক্ষেপের মুখে সরাসরি ঝুঁকির মধ্যে রয়েছে।
২০২৩ সালের শেষ দিকে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছিল। এরপরও এই নৌপথে কনটেইনারবাহী জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি চালু না হলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা আরও অবনতির দিকে যাবে।
সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল এক বিবৃতিতে বলেন, ‘সংঘাত বৃদ্ধি এবং বাণিজ্যিক তেলের মজুত ধারাবাহিকভাবে কমে যাওয়ার পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।’
সূত্র: সিএনএন
/অ